দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেছেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে সংগ্রাম ও ত্যাগের এক অনন্য আদর্শ স্থাপন করেছেন। একইভাবে বেগম খালেদা জিয়াও গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন।’
শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুর শিল্পকলা একাডেমির শহীদুল আলম নিরু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের দিনটি জাতির জীবনে একটি বেদনাবিধুর দিন। এই দিনে জাতি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছে। আমরা হারিয়েছি আমাদের প্রিয় নেতা, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাকে। দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি এই দিনে শাহাদাত বরণ করেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া আমাদের জন্য আদর্শ রেখে গেছেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। সরকারি অফিস ও উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতির বিষয়ে তারেক রহমান জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। এছাড়া বিগত নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের নেতৃত্বের পদ থেকে সরিয়ে দিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা ও উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ এবং শোক র্যালি অনুষ্ঠিত হয়।
কেএম